শরীয়তপুরের জাজিরা উপজেলায় গোপনে হাতে তৈরি বোমা প্রস্তুতের সময় বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গত ০৮ জানুয়ারি গভীর রাতে জাজিরা উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে অবৈধভাবে হাতে তৈরি বোমা বানানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্যের আলামত উদ্ধার করা হয়।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৮ সিপিসি-৩, মাদারীপুর একাধিক অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।
শরীয়তপুর জেলার পালং থানার বিলাসপুর এলাকা থেকে মাহমুদুল বেপারী (৩২) ও সুজন বেপারী কে (৩২) গ্রেফতার করা হয় । একই থানার মনোহর এলাকা থেকে ছিদাম বেপারী (৪০) এবং প্রেমতলা বিসিক এলাকা থেকে রনি ভূইয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া র্যাবের একটি যৌথ অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে মমিন ভূইয়া (২২) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাতে তৈরি বোমা প্রস্তুত ও মজুদ করে আসছিল। স্থানীয় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনাও ছিল তাদের।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য অবৈধভাবে তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অবৈধ বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

